বঙ্গবন্ধু আমাদের আজ ও আগামীর মধ্যে সেতুবন্ধ :অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধু আমাদের আজ ও আগামীর মধ্যে সেতুবন্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম, একটি ইতিহাস। তিনি জীবনের বিনিময়ে বাঙালি জাতির জন্য রচনা করেন ইতিহাসের এক অমোঘ অধ্যায়। পৃথিবীতে কোনো জাতিই মাত্র ৯ মাসে স্বাধীনতা লাভ করতে পারেনি। বঙ্গবন্ধুর এক তেজোদীপ্ত ভাষণেই উদ্বুদ্ধ গোটা জাতি বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা ছিনিয়ে আনে। বঙ্গবন্ধু ছিলেন স্বভাবনেতা। কি বাল্যে কি কৈশোরে কি মত্ত যৌবনে—সবখানেই ছিলেন তিনি এক কালজয়ী মহাপুরুষ। বঙ্গবন্ধু বাঙালি     জাতির ইতিহাসের এক অবিভাজ্য সত্তা। জাতির ইতিহাসের শ্রেষ্ঠ পুরুষ বঙ্গবন্ধুর অমর কীর্তি এ স্বাধীন বাংলাদেশ।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে অর্থবিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু তার জীবনে অল্প সময়ে আমাদের আগামীর সব নির্দেশনা দিয়ে গিয়েছেন। অতি অল্প দিনে আমাদেরকে দিয়েছেন একটি সংবিধান যেখানে সবকিছু রয়েছে। আমাদের আগামীর পরিকল্পনা, শহর গ্রামের ভেদাভেদ থাকবে না, ধনী-দরিদ্রের ভেদাভেদ থাকবে না, ?উন্নয়ন অগ্রযাত্রায় সব শ্রেণিকে সম্পৃক্ত করতে হবে, যাদের জন্য উন্নয়ন তারা যেন বঞ্চিত না হয় তাদেরকে সম্পৃক্ত করেই উন্নয়ন পরিচালনা করতে হবে—এই ধরনের সকল নির্দেশনা।

অর্থমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা ভেবেছিল তারা বাঙালির মন থেকে বঙ্গন্ধুকে মুছে দিবে; কিন্তু তারা ভুল করেছিল কারণ তারা বুঝতে পারেনি—বঙ্গবন্ধুর মতো নেতাকে মুছে দেওয়া যায় না। তিনি জাতির পিতা, তিনি আমাদের বিশ্বাস, তিনিই লাল-সবুজের বাংলাদেশ।  অর্থবিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার।