মিয়ানমারের মতো উসকানির সুরে কথা বলছে বিএনপি ---------ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোহিঙ্গা ইস্যুতে সরকারের নীতি নিয়ে প্রশ্ন তোলায় বিএনপির কঠোর সমালোচনা করে বলেছেন, ‘মিয়ানমারের কাছে শেখ হাসিনা নাকি নতি স্বীকার করেছেন। স্রোতের মতো রোহিঙ্গারা আসছে। সীমান্তে বারবার উসকানি, নেত্রী বারবার বলছিলেন—খবরদার, ফাঁদে পা দেওয়া যাবে না। মিয়ানমার সরকার গত দুই বছরে যে উসকানি প্রথম থেকে আজ পর্যন্ত দিয়ে যাচ্ছে, একই উসকানির সুরে কথা বলছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সুরে কথা বলছে।’ গতকাল সোমবার বিকালে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভাটির আয়োজন করে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা এখন নিজেদের অস্তিত্বের সংকটে পড়েছে। নিজের দলেই যাদের গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্রের সংকট আবিষ্কার করেছে।’ তিনি বলেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার সব কূটনৈতিক তত্পরতা অব্যাহত রয়েছে। যে করেই হোক খুনিদের ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংসদ সদস্য আব্দুল মান্নান প্রমুখ।