চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের চাকা বিস্ফোরণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা কবলিত হলে গতকাল সোমবার সকালে প্রায় ১৫ মিনিট বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম বন্ধ থাকে। বেলা পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান জানান, বিমানবাহিনীর একটি এয়ারক্রাফট অবতরণ করার সময় সেটির চাকা বিস্ফোরিত হয়। তবে সেটি নিরাপদে রানওয়েতে নেমে আসতে সক্ষম হয়। ঐ সময় নিরাপত্তামূলক সতর্কতায় রানওয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। ১১টার দিকে রানওয়ে বিমান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তিনি জানান ঐ সময় বিমান ওঠানামার কোনো শিডিউল না থাকায় বিমান চলাচলে কোনো সমস্যা হয়নি। বিমানবাহিনীর বিমানটিতে নতুন চাকা সংযোজনের পর সেটি তাদের ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় বলেও তিনি জানান।