নবাবগঞ্জে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডালিয়া বেগম (৫০) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার আগলা ইউনিয়নের চরচড়িয়া চান্দার টেক আঞ্চলিক সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্থানীয় কয়েক জনকে আটক করেছে পুলিশ। নিহত ডালিয়া বেগম উপজেলার আগলা ইউনিয়নের চরমধুচরিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শহীদুল ইসলাম শহীদের প্রথম স্ত্রী। শহীদ দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকেন।

নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবদুর রাশিদ জানান, নিহতের মেয়ে মিনু সোমবার ভোরে তদন্ত কেন্দ্রে এসে পুলিশকে জানায় তার মাকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খুন করে সড়কে ফেলে রেখেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঐ সড়ক থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ঘটনায় জড়িত সন্দেহে কয়েক জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাকে গ্রেফতার দেখিয়ে আইনের আওতায় আনা হবে। তবে হত্যাটি রহস্যজনক। এ ব্যাপারে তদন্ত চলছে। আশা করছি খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।