বখাটের ভয়ে স্কুলছাত্রীর লেখাপড়া বন্ধের উপক্রম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বখাটের ভয়ে এক স্কুলছাত্রীর লেখাপড়া বন্ধ হবার উপক্রম হয়েছে। তারাব উত্তরপাড়া এলাকার বাসিন্দা ঐ কিশোরী ডেমরার বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। স্কুলে যাওয়া-আসার পথে স্থানীয় বাসিন্দা রাজুর ছেলে বখাটে জুনায়েদ মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। গত ১০ জুলাই জুনায়েদ ও তার সঙ্গী আরো ৪ বখাটে স্কুলের গেট থেকে ঐ ছাত্রীকে অপহরণ করতে গেলে গেটের সামনে থাকা দোকানিরা ধাওয়া দিয়ে বখাটে জুনায়েদকে ধরে ফেলে। বাকি ৪ জন পালিয়ে যায়। জুনায়েদকে আটক করে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে নিলে ঘটনা বিস্তারিত শুনে প্রধান শিক্ষক রূপগঞ্জ থানায় খবর দেন এবং বখাটেকে পুলিশের হাতে তুলে দেন। পরে এ ঘটনায় ঐ স্কুলছাত্রীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আসামি জুনায়েদকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। মামলার অন্য আসামিরা হলো তারাব এলাকার মোতাহারের ছেলে বাপ্পী, নাজমুল মিয়ার ছেলে রায়হান, আমির মিয়ার ছেলে পারভেজ এবং মামুনের ছেলে রাসেল।

এদিকে গত ৪ আগস্ট আসামি জুনায়েদ জামিনে বের হয়ে আসে। এরপর থেকে সে মামলা তুলে নিতে বাদীকে নানাভাবে চাপ দিচ্ছে। মামলা তুলে না নিলে ঐ স্কুলছাত্রীকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। বখাটের ভয়ে স্কুলে যেতে পারছে না ঐ ছাত্রী। তার লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার পথে। আসামির অব্যাহত হুমকিতে বাদী রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, তদন্ত মোতাবেক এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।