গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ ঘোষণা দিয়েছেন। আজকে যারা শিশু তারাই ২০৪১ সালে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই তাদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। যাতে ভবিষ্যতে তারা সঠিক নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারে।
মেয়র সোমবার বিকালে বঙ্গবন্ধু পরিষদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসনের নাটমন্দিরে বঙ্গবন্ধু পরিষদের জেলা শাখার সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মো. আসাদুজ্জামান চৌধুরী, পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী শামীম, অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, অধ্যক্ষ মহিউদ্দিন মহি, মো. সিরাজুল ইসলাম জানু, প্রতাপ কুমার গোপ প্রমুখ।