রূপগঞ্জ থেকে অপহূত কিশোরী টাঙ্গাইলে উদ্ধার তিন জন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে অপহূত এক কিশোরীকে (১২) টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মামুননগর এলাকা থেকে ঐ কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মেয়েটির বাড়ি উপজেলার যাত্রামুড়া এলাকায়।

এ ঘটনায় অপহরণকারী নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো টাঙ্গাইলের মামুননগর এলাকার ঘটু মিয়ার ছেলে মোহাম্মদ আলী, তার স্ত্রী সামসুন্নাহার ও ছেলে আব্দুল আলীম।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, গত ১৪ আগস্ট মোহাম্মদ আলী, সামসুন্নাহার ও ছেলে আব্দুল আলীম মিলে যাত্রামুড়া এলাকা থেকে ঐ কিশোরীকে অপহরণ করে নিয়ে গেছে বলে মেয়েটির নানি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের মামুননগর এলাকায় অভিযান চালিয়ে ঐ কিশোরীকে উদ্ধার করে পুলিশ, গ্রেফতার করে তিন অপহরণকারীকে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানা পরিদর্শন করলেন ডিসি

গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন রূপগঞ্জ থানা পরিদর্শন করেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান, সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু, ইন্সপেক্টর এমদাদুল হক, রফিকুল ইসলাম, রূপগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক খলিল সিকদার প্রমুখ। থানার পুলিশ অফিসারদের দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ডিসি।