আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে হাবুকে রবিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ২০০৭ সালে র্যাব-১১ সদস্যরা হাবুকে একটি অস্ত্রসহ গ্রেফতার করে। সেই মামলায় দীর্ঘ শুনানির পর নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে হাবুকে ১০ বছরের সাজা প্রদান করা হয়। সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। রবিবার রাতে আড়াইহাজার থানা পুলিশ উপজেলার দক্ষিণপাড়ায় নিজ বাড়ি থেকে হাবুকে গ্রেফতার করে। হাবু দক্ষিণপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সোমবার হাবুকে নারায়ণগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে।