৯৯৯ নম্বরে ফোন করে মুক্তি পেল দৌলতদিয়া যৌনপল্লীর চার কিশোরী

g গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

৯৯৯ নম্বরে ফোন করে দৌলতদিয়া যৌনপল্লীর অন্ধকার জীবন থেকে মুক্তি পেল তিন কিশোরী ও এক তরুণী। গতকাল শুক্রবার ভোরে বন্দিদশা থেকে তাদের চার জনকে উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় দুই নারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর সদর উপজেলার কানাইপুর রামখণ্ড গ্রামের আ. আজিজ মোল্লার মেয়ে রুপা ও কুমিল্লা জেলার চান্দিনা নগর উপজেলার বিটতলা গ্রামের ওহেদ মিয়ার মেয়ে সুমি। উদ্ধার হওয়া ১৮ বছর বয়সী তরুণী জানায়, সে দিনাজপুর সদর উপজেলার শেরপুর তেলিপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়ে। সে বাল্যবিয়ের শিকার হয়। তার স্বামী তার অজান্তেই দ্বিতীয় বিয়ে করলে সে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসে। গত কোরবানীর ঈদের আগে সে কাজের সন্ধানে ঢাকা উদ্দেশ্যে ট্রেনে করে কমলাপুর স্টেশনে নামে। রেলস্টেশনে তার সাথে আলাপ হয় শুভ নামের এক ব্যক্তির। শুভ বিভিন্নভাবে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তাকে বলে একটি কাজের সন্ধানে সে ঢাকায় এসেছে। এসময় শুভ তাকে জানায়, তার বিউটি পার্লারের ব্যবসা আছে। ইচ্ছা করলে সে সেখানে কাজ করতে পারে। ভালো বেতনের আশ্বাস দিলে সে (ওই তরুণী) শুভ’র কথায় রাজি হয়ে যায়। এরপর শুভ তাকে দৌলতদিয়া যৌনপল্লীতে এনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রুপা বাড়িওয়ালীর কাছে বিক্রি করে দেয়। রুপা অপর বাড়িওয়ালী সুমির সহযোগিতায় তাকে আটকে রেখে মারধোর এবং হত্যার ভয় দেখিয়ে তাকে দিয়ে দেহ ব্যবসায় বাধ্য করে। তার সাথে আটকে রাখা হয় ১৪, ১৫ ও ১৬ বছর বয়সী আরও ৩ কিশোরীকে। তাদেরকেও বিউটি পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে শুভ দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি করেছে। তারা প্রত্যেকেই এই অন্ধকার জীবন থেকে মুক্তির পথ খুঁজতে থাকে।

গত বৃহস্পতিবার গভীর রাতে ওই তরুণীর কাছে আসা এক ব্যক্তির মোবাইল থেকে সে ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধারের আকুতি জানায়। এরপর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গতকাল শুক্রবার ভোরে দৌলতদিয়া যৌনপল্লীর রুপা বাড়িওয়ালীর বাড়ি থেকে ৩ কিশোরী ও ১ তরুণীকে উদ্ধার করে নিয়ে আসে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে চারজনকেই উদ্ধার করা হয়। এসময় ঘটনায় জড়িত দুই নারীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়াদের পক্ষ থেকে ১৮ বছর বয়সী তরুণী বাদি হয়ে ৩ জনকে আসামি করে মানব পাচার আইনে মামলা দায়ের করেছে। পলাতক আসামি শুভ’র কোনো ঠিকানা পাওয়া যায়নি। তার মোবাইল নম্বর জানা গেছে। এ সূত্র ধরেই তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।