দেশ বরেণ্য শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক খান সারওয়ার মুরশিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ শনিবার । এ উপলক্ষে আজ সকাল ১০টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। তার পরিবারের পক্ষ থেকে সকলকে এ কর্মসূচিতে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। ভাষা আন্দোলন, ছয় দফা ও মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলনের প্রথম সারিতে ছিলেন অধ্যাপক মুরশিদ। তিনি ১৯৬১ সালে তত্কালীন পাকিস্তানের সামরিক জান্তা আইয়ুব খানের রক্তচক্ষুর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সঙ্গে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উদযাপন করে এ দেশে রবীন্দ্র চর্চার দ্বার উন্মোচন করেছিলেন। তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফার নীতি নির্ধারণে এবং বঙ্গবন্ধুর সকল গোলটেবিল বৈঠকে তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের উপদেষ্টা, মুক্তিযুদ্ধকালীন ও পরবর্তী সময়ে মুজিবনগর কমিশনের সদস্য হিসেবে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছিলেন। এছাড়াও তিনি পোল্যান্ড ও হাঙ্গেরিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি