প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় গত ১ আগস্ট ঢাকা সিএমএইচে ৩৩ ঘণ্টাব্যাপী মাথা জোড়া লাগানো যমজ বাচ্চা রাবেয়া ও রোকেয়ার অপারেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। অপারেশনের পরে হাঙ্গেরীয় মেডিক্যাল টিমের সদস্যরা দেশে প্রত্যাবর্তনের পরে ঢাকা সিএমএইচের একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক বাচ্চা দুটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিত্সা সহায়তা প্রদান করে আসছে। উক্ত মেডিক্যাল টিম অপারেশন পরবর্তী জটিলতা কাটিয়ে ওঠার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। বর্তমানে রোকেয়ার পরিস্থিতি রাবেয়ার তুলনায় কিছুটা জটিল। রাবেয়ার অপারেশন পরবর্তী শারীরিক অবস্থা এখন যথেষ্ট ভালো ও স্থিতিশীল। রোকেয়ার অপারেশন পরবর্তী অচেতনতা এখনো কিছুটা রয়ে গেছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক বাচ্চা দুটির শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। —আইএসপিআর