আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নির্বাচন নিয়ে বিএনপির দ্বিমুখী (দ্বিচারিতা) ভূমিকার জন্য জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। এ দেশের জনগণ তাদের শাসনামল দেখেছে। এখন আর কেউ অন্ধকারের পথে যেতে চায় না। গতকাল শুক্রবার যমুনা নদীর পূর্বপারে কাজিপুরের নিশ্চিন্তপুরে চরাঞ্চলের মানুষের সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নাসিম আরো বলেন, উন্নয়ন ও জনগণের ভালোবাসা নিয়ে বিজয়ের মাসে অনুষ্ঠিত নির্বাচনে আবারো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করবে। স্বাস্থ্যমন্ত্রী নিরাপত্তা প্রটোকল ছাড়াই স্থানীয় ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে কাজিপুরের বাসা থেকে বেরিয়ে আলমপুর হাই স্কুল সংলগ্ন মসজিদে জুমা আদায় করেন এবং মুসুল্লিদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে চরবাসী আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। সভাটি পরে সমাবেশে পরিণত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১০ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে উন্নয়নের আলোয় আলোকিত করেছেন। দেশের মানুষ শান্তি ও স্বস্তিতে আছেন। যমুনার এই দুর্গম চরেও অভাবনীয় উন্নয়ন হয়েছে। পাকা সড়ক নির্মিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন মাষ্টার। সভায় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।