ইউরোপের অন্যতম বড় ওয়াটার ওয়ার্ল্ড অ্যাকোয়া শো পার্কে গ্রীষ্মকালীন আনন্দভ্রমণ করেছে লিসবনের বাংলাদেশিদের সংঘবদ্ধ পরিবার ওয়ান ফ্যামিলি। পর্তুগালের স্থানীয় সময় রবিবার ছুটির দিনে আয়োজিত এই আনন্দ ভ্রমণে পরিবারগুলোর সঙ্গে যোগ দেয় শিশুরাও।
রবিবার সকাল সাড়ে ৭ মিনিটে লিসবনের মার্তৃম-মুনিজ পার্ক থেকে বাসযোগে আনন্দভ্রমণ যাত্রা শুরু হয়। এরপর পর্তুগালের পর্যটন নগরী ফারোতে অবস্থিত অ্যাকোয়া শো পার্কে পৌঁছে বিভিন্ন রাইড শেয়ারিংয়ের মাধ্যমে দারুণ এক দিন পার করে পরিবারগুলো। দেশীয় খাবারের আয়োজন, র্য্যাফেল ড্রসহ দিনভর উৎসবে কাটে সবার।
আয়োজক ওয়ান ফ্যামিলি লিসবনের সমন্বয়করা বলেন, 'বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে একটি সুন্দর বন্ধন তৈরি করতে এবং যে কোনো উৎসব ও বিশেষ দিনে প্রবাসে স্বজনদের অভাব ভুলে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উপলক্ষ্য তৈরি করতে আমরা পারিবারিক এমন আয়োজনগুলো করে থাকি।
প্রবাসে স্বদেশের স্বজনের অভাব পূরণ করে স্বজনদের ছোঁয়া দেয় এই ধরনের আনন্দভ্রমণ। বাচ্চারা নতুন খেলার সঙ্গী পায়। পরিবারগুলোর মাঝেও দৃঢ় হয় আত্মার বন্ধন। এতে করে আমাদের দেশ থেকে দূরে থাকার কষ্টের অনুভূতিগুলো কিছুটা হলেও দূর হয়। লিসবনে বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে ঐক্য থাকলে ওয়ান ফ্যামিলি লিসবনের এমন আয়োজন গুলোর ধারবাহিকতা থাকবে।'
আরও পড়ুন: কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কের বেইলি ব্রিজটি মরণফাঁদ
আনন্দভ্রমণে যোগ দিয়ে সুন্দর একটি দিন অতিবাহিত করতে পেরে আনন্দিত লিসবনের প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণকারী পরিবারগুলো।
ইত্তেফাক/নূহু