রায়পুরে খেলতে গিয়ে পানিতে পড়ে প্রাণ গেলো দুই শিশুর

লক্ষ্মীপুরের রায়পুরে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে পৌর শহরের ৩নং ওয়ার্ডের হালিমা মাদ্রাসার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো একই এলাকার নজরুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার (৭) ও মিজানের কন্যা মিম আক্তার (১০)। তারা দুজনেই হালিমা মাদ্রাসার দ্বিতীয় ও ৪র্থ শ্রেণির ছাত্রী ছিলো।

মিজান ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা ও নজরুলে বায়পুর উপজেরার উত্তর চরবংশী ইউনিয়নে বাসিন্দা। উভয়ে পরিবার নিয়ে এখানে বাসা ভাড়া করে বসবাস করতেন।

স্বজনেরা জানান, বিকাল থেকেই সুমাইয়া ও মিম হালিমা মাদ্রাসা সংলগ্ন খোলা স্থানে প্রতিবেশী আরও কয়েক শিশুর সঙ্গে খেলা করছিলো। খেলার সময় সুমাইয়ার পায়ে কাদা লাগলে সে পা পরিষ্কার করার জন্য মাদ্রাসার পাশের ডোবায় যায়। এ সময় হঠাৎ পা পিছলে সে ডোবার পানিতে পড়ে ডুবে যায়। ডোবার তীরে দাঁড়িয়ে থাকা মিম তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে পড়ে ডুবে যায়।

পরে সেখানে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে দুজনকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় কাউন্সিলর নাজমুল কাদের গুলজার জানান, হাসপাতাল থেকে দুই শিশুকে মৃত ঘোষণার পর স্বজনেরা দুজনের লাশ বাড়িতে নিয়ে আসে। এ সময় তিনিসহ এলাকার কয়েকশ লোক শিশু দুটির লাশ দেখার জন্য ভিড় করে।

আরও পড়ুন: রংপুরের শ্যামা সুন্দরী খাল ৫শ দখলদারের কাছে জিন্মি

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ ছাড়া প্রাথমিক তদন্তেও দুই শিশুর মৃত্যু নিছক দুর্ঘটনা বলে প্রমাণ পাওয়া গেছে। ফলে লাশ দুটির ময়নাতদন্ত করা হয়নি।

ইত্তেফাক/নূহু