কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও মাদক সেবনের পৃথক দু’টি ঘটনায় তিন তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পৌরসদরের টানলক্ষিয়া গ্রামের ছফুর উদ্দিনের ছেলে সোহেল মিয়া (১৮), পাটুয়াভাঙা ইউনিয়নের জুনিয়াইল গ্রামের সুলতান উদ্দিনের ছেলে সজিব (১৬) ও কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের দরবারপুর গ্রামের হারেছ মিয়ার ছেলে ফয়সাল (১৬)।
জানা যায়, বেলা ১২টার দিকে মাদক সেবনের দায়ে টানলক্ষিয়া গ্রামের ছফুর উদ্দিনের ছেলে সোহেল মিয়াকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আরো পড়ুন: বিয়ের জন্য কাশ্মীরি মেয়ে খোঁজায় শীর্ষে বাঙালিরা
অন্যদিকে, সকাল ১১টার দিকে উপজেলার চকদিগা দাখিল মাদ্রাসার সামনে সজিব ও ফয়সাল নামে দুই বখাটে মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসানকে অবগত করেন। পরে ইউএনও’র নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং ওই দুই বখাটেকে আটক করেন। এ সময় ওই দুই বখাটে মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধ স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সজিব ও ফয়সাল উভয়কে ১০দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এসময় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোন্তাছীর মারুফ ও পাকুন্দিয়া পৌরসদর ভূমি অফিসের নাজির মো. শাহ আলম প্রমুখসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই