ডোমেইন ইমেইল অ্যাড্রেস তৈরি করুন নিজেই

বেশিরভাগ ব্যবহারকারী গুগল বা ইয়াহুর ফ্রি মেইল সার্ভিস ব্যবহার করছেন; কিন্তু এমন অনেক কাজ রয়েছে যাতে কাস্টম ডোমেইন ইমেইল অনেক কাজের হতে পারে। কাস্টম ডোমেইন ইমেইল অ্যাড্রেস হচ্ছে ইমেইল সার্ভিস প্রভাইডারের ডোমেইন ব্যবহার না করে আপনার নিজের ডোমেইন দিয়ে ইমেইল অ্যাড্রেস তৈরি করা। যেমন আপনি জিমেইল থেকে ইমেইল অ্যাকাউন্ট তৈরি করলে তাদের ডোমেইনে ইমেইল তৈরি করতে পারেন। সেক্ষেত্রে সর্বদা আপনার নামের পরে —gmail.com লেখা থাকে। ধরুন আপনি নিজের নামে একটি ডোমেইন কিনেছেন আর সেটা ব্যবহার করে ইমেইল অ্যাড্রেস তৈরি করলে, সেটা হবে এমন, hello@eduhealth.com।

কাস্টম ডোমেইন ইমেইল তৈরি করার জন্য প্রথমে একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনাকে একটি ওয়েব হোস্টিং প্যাকেজ কিনতে হবে যেখানে ইমেইল হোস্ট করার সুবিধা যুক্ত করা রয়েছে। তারপরে বেসিক কিছু কনফিগারেশন এনাবল করলেই আপনার পার্সোনাল ডোমেইন ইমেইল অ্যাড্রেসটি কাজ করতে শুরু করবে। আপনি জি-সুইট ব্যবহার করেও পার্সোনাল মেইলগুলোকে হোস্ট করতে পারেন, এতে জিমেইলের সেইম ইন্টারফেস ও সুবিধাগুলো পাবেন। তাছাড়া জোহো মেইল সার্ভিস ব্যবহার করে বিনামূল্যেও নিজের মেইল ইনবক্স হোস্ট করতে পারেন। প্রয়োজনে এদের প্রিমিয়াম অ্যাকাউন্টও রয়েছে।

 

ডোমেইনের সঙ্গে ইমেইলের সম্পর্ক

প্রথমে আপনার জানা দরকার ডোমেইন আসলে কি? ইন্টারনেটকে সুসজ্জিত করার জন্য মূলত ডোমেইন নেম ব্যবহার করা হয়ে থাকে। যদি ডোমেইন নাম না থাকতো তাহলে কোনো ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে সংখ্যা মনে করে রাখতে হতো যেটাকে আইপি অ্যাড্রেস বলা হয়। যেভাবে ডোমেইন নেম ব্যবহার করে কোনো ওয়েবসাইট ভিজিট করেন ঠিক একইভাবে ডোমেইন নেম ব্যবহার করে ইমেইল অ্যাড্রেস তৈরি করা হয়। ইমেইল অ্যাড্রেসের ক্ষেত্রে ডোমেইন নেম এটা নিশ্চিত করে দেয় যে আপনার পাঠানো মেইলটি যেন সঠিক মেইল সার্ভারে গিয়ে পৌঁছায়। কোন ইমেইল অ্যাড্রেস থেকে সেটার ডোমেইন নেম খুঁজে পাওয়া খুবই সহজ কাজ।

যদি আপনি গুগলের জিমেইল থেকে ফ্রি মেইল সার্ভিস গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার ইমেইল অ্যাড্রেসটি হবে gmail.com এর আওতাভুক্ত; কিন্তু আপনি যদি নিজের ডোমেইন নেমকে ইমেইল অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসে আপনার ডোমেইন নেম থাকবে,  yourname@yourdomain.com।

 

ইমেইল হোস্টিং সার্ভিস

ইমেইল হোস্টিং সার্ভিস বলতে এমন টাইপের ইন্টারনেট হোস্টিং সার্ভিসকে বুঝানো হয় যেটা স্পেশালভাবে ইমেইল হ্যান্ডেল ও ইমেইল সার্ভার সেল করার জন্য প্রস্তুত হয়ে থাকে। আজকের দিনে নানান শেয়ারড হোস্টিং প্রোভাইডার থেকে শুরু করে প্রায় যে কোনো ওয়েব হোস্টিং প্যাকেজের সঙ্গে ইমেইল হোস্টিং যুক্ত করা থাকে। তবে সেক্ষেত্রে কিছু লিমিটেশন থাকে, যেমন—আপনি কতটুকু ইমেইল হোস্ট করার জন্য স্পেস পাবেন বা কতগুলো ইউজারনেম তৈরি করতে পারবেন।

আবার ডেডিকেটেড ইমেইল হোস্টিংও রয়েছে যেখানে হয়তো আপনাকে বেশি সুযোগ-সুবিধা প্রদান করবে; কিন্তু সেই সার্ভিস গ্রহণে আপনি কোনো ওয়েবসাইট হোস্ট করতে পারবেন না, শুধু আপনার ডোমেইন ইমেইল হোস্ট করতে পারবেন। বিভিন্ন ওয়েব হোস্টিং প্রভাইডার নানান টাইপের ইমেইল হোস্টিং প্রদান করে থাকে। আপনি চাইলে ওয়েব হোস্টিং এক কোম্পানি থেকে এবং ইমেইল হোস্টিং আরেক কোম্পানি থেকে পারচেজ করতে পারেন।

 

ডোমেইন ইমেইল যাদের জন্য

জিমেইল বা ইয়াহুর মতো ইমেইল প্রভাইডারগুলোর কাছ থেকে ফ্রি ইমেইল অ্যাড্রেস সহজেই পাওয়া যেতে পারে, এতে আপনাকে ডোমেইন নেম কেনা বা ইমেইল হোস্টিং নিয়ে চিন্তা করতে হয় না। আপনার আইএসপি, স্কুল, কলেজ, অফিস থেকেও ফ্রি ইমেইল অ্যাড্রেস পেয়ে যেতে পারেন, আর বেশিরভাগ ব্যবহারকারীদের কাস্টম ডোমেইন ইমেইল অ্যাড্রেসের দরকারই পরে না; কিন্তু অনেক কাজে ও অনেক টাইপের ব্যবহারকারী রয়েছেন যাদের ডোমেইন মেইল প্রয়োজনীয় হয়।

আপনি যদি একটি বিজনেস বা সংস্থা রান করাতে চান, আপনার অনেক কর্মচারী রয়েছে, সেক্ষেত্রে সব কর্মচারীর ইমেইল অ্যাড্রেস আপনার বিজনেস ওয়েবসাইটের আন্ডারে হলে সেটা মনিটর করতেও অনেক সুবিধা ও বেশি প্রফেশনাল লুক পাওয়া যায়। তাছাড়া আপনি চাইলে কোম্পানির ওয়েবসাইটের ডোমেইনের নিচে আপনি আরো কাস্টম ইমেইল অ্যাড্রেস তৈরি করতে পারেন, যেমন কাস্টমার সাপোর্টের জন্য আলাদা ইমেইল অ্যাড্রেস বা করপোরেট সাপোর্টের জন্য আলাদা ইমেইল অ্যাড্রেস। আর সব ইমেইল অ্যাড্রেসগুলো হবে আপনার নিজস্ব ডোমেইনের নিচে, এটা একে যেমন অনেক প্রফেশনাল দেখায় দ্বিতীয়ত এতে আস্থাও বারে।

আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারেন বা ব্লগার। নিজের পার্সোনাল ডোমেইনের আন্ডারে ইমেইল অ্যাড্রেস থাকলে এতে আপনাকে আরো প্রফেশনাল দেখায়, সঙ্গে আপনি প্রথম ঝলকেই হয়তো কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। শুধু বিজনেস বা নিজেকে প্রফেশনাল দেখানোর জন্যই নয়, আপনি যদি একটি কমিউনিটি রান করেন সেক্ষেত্রে কাস্টম ডোমেইন মেইল আদর্শ ব্যাপার হতে পারে।

কাস্টম ডোমেইন ইমেইল অ্যাড্রেস ব্যবহার করার পেছনে আরেকটি বড়ো কারণ হচ্ছে সিকিউরিটি এবং প্রাইভেসি। আপনি নিজের ডোমেইন কিনলেন তারপরে হাই সিকিউর কোনো ইমেইল সার্ভারে আপনার ইনবক্স সেটআপ করলেন। এতে আপনার ইমেইলগুলো বেশি সুরক্ষিত থাকবে। আপনার যদি প্রাইভেসি নিয়ে সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই এমন ডোমেইন প্রভাইডার থেকে ডোমেইন কিনুন যারা ডোমেইনের প্রাইভেসি প্রোটেকশন প্রদান করে।

কাস্টম ইমেইল অ্যাড্রেস সেট করার জন্য প্রথমে একটি ডোমেইন কিনতে হবে তারপরে ওয়েব হোস্টিং যেখানে ইমেইল হোস্টিং যুক্ত রয়েছে বা ডেডিকেটেড ইমেইল হোস্টিং নিতে হবে। তারপরে ডিএনএস সেটিং ঠিক করলেই কাজ শেষ।