সুবিধা দিলে চীনারা এদেশে বিনিয়োগে আরও বেশি উত্সাহিত হবে --------------চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জু বলেছেন, চীনা বিনিয়োগকারীদের অধিকতর সুবিধা প্রদান করলে তারা এদেশে বিনিয়োগে আরও বেশি উত্সাহিত হবে। সিলেট সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন প্রকল্প ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, সিলেট খুবই সুন্দর জায়গা। পরিবেশ, অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের দিক থেকে সারাদেশের মধ্যে সিলেটের অবস্থান অনন্য। গত বৃহসপতিবার সন্ধ্যায় লেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনার জবাবে চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে নগরীর একটি রেস্তোঁরায় আয়োজিত সংবর্ধনায় চীনা রাষ্ট্রদূত আরও বলেন, সিলেটে এটাই তার প্রথম সফর। মেয়র আরিফুল হক চৌধুরী চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে সিলেটে প্রস্তাবিত বহুতলবিশিষ্ট হকার মার্কেট, নগরীর স্যুয়ারেজ ব্যবস্থার উন্নয়ন এবং সুরমা নদীর তীর সংরক্ষণে চীনা বিনিয়োগ প্রত্যাশা করেন। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন, নির্বাহী প্রকৌশলী আলী আকবরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেট চেম্বারে চীনা রাষ্ট্রদূতের মতবিনিময় : এদিকে বৃহসপতিবার চেম্বার কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ মতবিনিময় সভায় মিলিত হওয়ার জন্য চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশে বর্তমানে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। বর্তমান সরকার বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে কাজ করে যাচ্ছে।