ব্যান্ড তারকা সাইদ হাসান টিপু। ‘অবস্কিউর’ ব্যান্ডের গানেই তার কণ্ঠ শোনা গেলেও ব্যান্ডের বাইরেও গেয়েছেন তিনি। তবে সেই সময়টা বেশ আগের। বিভিন্ন আধুনিক ও রবীন্দ্রসংগীত গেয়েছেন তিনি। ব্যান্ডের বাইরে টিপু সর্বশেষ গান গেয়েছেন ২০০৯ সালে। রবীন্দ্রনাথের গান নিয়ে ‘সকলই ফুরালো’ শিরোনামে অ্যালবাম প্রকাশ করেছিলেন। ১৯৯০ সালে মৌলিক গান নিয়ে তার প্রথম একক ‘একাকী একজন’ প্রকাশিত হয়। ১৯৯৭ সালে আসে লোকগানের অ্যালবাম ‘ভবের পাগল’। এবার প্রায় এক দশর পর আবারো ব্যান্ডের বাইরে গান করলেন তিনি।
‘কেন জড়ালে’ শিরোনামে রোমান্টিক ঘরানার এই গানটির সুর-সংগীতায়োজন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রাজীব রহমান। রাজু চৌধুরীর সঙ্গে যৌথভাবে গানটির কথাও লিখেছেন রাজীব। সম্প্রতি রিলিজ হয়েছে গানটি।
টিপু বলেন, ‘গানের সঙ্গে তো সবসময় আছি। তবে বিভিন্ন কারণে ব্যান্ডের বাইরে অনেকদিন গান করা হয়নি। এই গানটিতে দু-মাস আগে কণ্ঠ দিয়েছি। প্রকাশের পর এখন বেশ ভালো সাড়াও পাচ্ছি।’