দামুড়হুদায় অভ্যন্তরীণ কোন্দলে গোলাগুলি, দুই মাদক ব্যবসায়ী নিহত

দামুড়হুদায় অভ্যন্তরীণ কোন্দলে গোলাগুলিতে দুইজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক জানান, রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ওসি শুকুমার বিশ্বাস জানান, রাত দেড়টার দিকে জানতে পারি উপজেলার গোবিন্দহুদা মাঠে গোলাগুলি হচ্ছে। ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় । এরা হলেন- উপজেলার চারুলিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ধুলো মিয়া (৪১) ও দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল হাসানের ছেলে ঝন্টু মিয়া (৩৮)। এদের  দুজনের নামে একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি হাত বোমা, তিনবস্তা ফেনসিডিল, চারটি রামদা, একটি এলজি  শুটারগান উদ্ধার করেছে। পুলিশ ধারণা করছে, অভ্যন্তরীণ কোন্দল বা মাদক নিয়ে বিরোধের জের হিসেবে এ ঘটনা ঘটতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।