ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে মাহতাব নামে (২৪ ) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১৮ আগস্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দলের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইদুজ্জামান রিবেল ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৮ তারিখে দিনাজপুর মেডিকেল থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেলে ভর্তি হন মাহাতাব। সেই সময় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় একদিন পর আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে শারীরিক অবস্থার উন্নতি হলে সোমবার সকালে তাকে সংশ্লিষ্ট ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সারাদিন ভালো থাকলেও রাত ১টায় হঠাৎ খিঁচুনি ও শ্বাসকষ্ট দেখা দেয়। অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হলেও রাত ২টার দিকে মারা যান মাহাতাব। নিহত মাহাতাব দিনাজপুরের বিরল উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে স্পিকার
এদিকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি আছেন ২৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হন ৭ জন। চিকিৎসা নিয়ে চলে গেছেন ১৪ জন। এছাড়া ১৯ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৫৮০ জন। চিকিৎসা নিয়ে চলে গেছেন ৫৫৩ জন।উল্লেখ্য, গত ৬ আগস্ট ডেঙ্গুতে আক্রন্ত হয়ে রমেক হাসপাতালে গাইবান্ধার পলাশবাড়ির রিয়ানা (৩) নামে এক শিশু ও ১১ আগস্ট মনিরুল ইসলাম (৩২) নামে লালমনিরহাটের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়। তারা দুজনেই ঢাকা থেকে এসে রমেক হাসপাতালে ভর্তি হয়েছিল। মিঠাপুকুর উপজেলায় রিফাত(৪) নামে একজন শিশুও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
ইত্তেফাক/নূহু