ভারতীয় শীর্ষস্থানীয় রিটেইলার রিলায়েন্স রিটেইল লিমিটেড বাংলাদেশি কোম্পানি ওয়ালটনের পণ্য সেদেশের বাজারে বিক্রির দায়িত্ব নিয়েছে। সম্প্রতি ঢাকায় এ-সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। রিলায়েন্স কর্তৃপক্ষের মতে, ওয়ালটনের পণ্য আন্তর্জাতিক মানের। ক্রেতাদের হাতে বাংলাদেশে তৈরি গুণগত মানের পণ্য তুলে দেওয়ার মাধ্যমে ভারতের কনজ্যুমার ইলেকট্রনিকসের বাজারে শক্ত অবস্থানে চলে আসবে ওয়ালটন ও রিলায়েন্স।
রিলায়েন্স ও ওয়ালটনের মধ্যে ব্যবসায়িক চুক্তি বা এমওইউ স্বাক্ষর করেন ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট (আইবিইউ)-এর প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম এবং রিলায়েন্সে রিটেইল লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কৌশল নেভ্রেকার। চুক্তি অনুযায়ী প্রাথমিক ধাপে ওয়ালটনের কাছ থেকে ফ্রিজ, টিভি ও এয়ারকন্ডিশনার নিচ্ছে রিলায়েন্স। এছাড়া ওয়ালটনের ওয়াশিং মেশিনসহ বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সেসও নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম বলেন, ভারত ও বাংলাদেশের ক্রেতাদের পছন্দ, অভ্যাস, রুচি ও ক্রয়ক্ষমতার মধ্যে যথেষ্ট মিল রয়েছে। তার প্রত্যাশা, বাংলাদেশের ইলেকট্রনিকস খাতের শীর্ষ অবস্থানে পৌঁছানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতের বাজারেও অন্যতম শীর্ষে পৌঁছাতে সক্ষম হবে রিলায়েন্স ও ওয়ালটন। সেই লক্ষ্যে ভারতে শিগগিরই একটি গবেষণা ও উন্নয়ন (আরএনডি) সেন্টার চালু করার উদ্যোগ নিচ্ছে ওয়ালটন।