সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতকাল মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সোমবার প্রায় ৫৮ পয়েন্ট পতনের পর গতকাল সূচকের কিছুটা উন্নতি লক্ষ করা গেছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৭৫ লাখ টাকার। সোমবার লেনদেন হয়েছিল ৪৪৭ কোটি ১৬ লাখ টাকার। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল মঙ্গলবার ডিএসইতে মোট ৩৪৩টি কোম্পানির ১২ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৮৩৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৫১৭৮ দশমিক ৭০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৯ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১৮২৯ দশমিক ১৪ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৫ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১১৯৮ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে ছিল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিলকো ফার্মাসিউটিক্যালস, রানার অটোমোবাইল, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিকন ফার্মাসিউটিক্যালস, মুন্নু সিরামিক্স, এস এস স্টিল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ও জেএমআই সিরিঞ্জ। অপরদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৫ লাখ ৪২ হাজার টাকা। সিএসই সার্বিক সূচক ১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৬ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।