ভাষানটেকে স্বামী-স্ত্রী ও পল্লবীতে গৃহবধূর লাশ উদ্ধার

রাজধানীর ভাসানটেক থেকে স্বামী-স্ত্রী ও পল্লবী থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ভাসানটেক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রিকশা চালক মোহাম্মদ রাশেদ (২৫) ও স্ত্রী মালা আক্তার (২০)। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। অপরদিকে একই দিন রাতে মিরপুর-৬ এলাকা থেকে উদ্ধার করা হয় জান্নাতুল ফেরদৌসৗ বৈশাখী নামে (২৫) এক গৃহবধূর ঝুলন্ত লাশ। এ ঘটনায় পুলিশ প্রকৌশলী স্বামী মেহেদি হাসানকে আটক করেছে। লাশ ৩টি ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভাসানটেক থানার অফিসার ইনচার্জ সাব্বির আহমেদ বলেন, ভোলার সদর উপজেলার সিদ্দিক মিয়ার ছেলে রাশেদ। আর মালার বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। ঘটনা সম্পর্কে তিনি বলেন,  বৃহস্পতিবার রাতে এলাকাবাসীর দেয়া তথ্য মতে রাশেদ ও মালার ঝুলন্ত লাশ ভাসানটেক দেওয়ান পাড়ার দ্বিতীয় তলার মসজিদ সংলগ্ন একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ৬ দিন আগে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে দেওয়ান পাড়া এলাকায় বাসা ভাড়া নেয়। মৃত্যুর কারণ সম্পর্কে উভয় পরিবারের কেউ কোন তথ্য দিতে পারেনি। তিনি বলেন, উভয়ের মরদেহে কোন আঘাতের চিহ্ন ছিল না। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে বৃহস্পতিবার রাতে পল্লবী থানাধীন মিরপুর-৬ এলাকার একটি বাসা থেকে গৃহবধূ জান্নাতুল ফেরদৌসৗ বৈশাখীর লাশ আত্মীয়-স্বজনদের খবরের প্রেক্ষিতে উদ্ধার করে পুলিশ। স্বামীর দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বৈশাখী। তবে নিহতের পরিবারের দাবি, আত্মহত্যা নয়। বৈশাখীকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে। স্বামী প্রায়ই তাকে মারধর করতো। পল্লবী থানার সাব-ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলাম বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল না। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।