নেইমারের জন্য বার্সার মরিয়া চেষ্টা

নেইমারকে বিক্রির ব্যাপারে পিএসজিকে রাজি করাতে বার্সেলোনা গতকাল মঙ্গলবার তাদের প্রতিনিধিদের প্যারিস পাঠিয়েছে। ব্রাজিল তারকাকে দলে পেতে স্পানিশ চ্যাম্পিয়নদের প্রথম প্রয়াসটি বিফলে যাওয়ার পর এটাই হলো শেষ চেষ্টা। যদিও তাদের এ দফার প্রস্তাবও পিএসজি প্রত্যাখ্যান করেছে বলে ফ্রান্সের এক পত্রিকা জানিয়েছে।

বার্সেলোনার হয়ে নিজস্ব বিমানে চড়ে পিএসজিতে গেছেন ফুটবল পরিচালক এরিক আবিদাল, পরিচালক জাভিয়ের বোরদাস ও সিইও অস্কার গ্রাউ। ক্লাবটির পরিকল্পনা একেবারেই সহজ, পিএসজিকে বোঝানো যে, নেইমারকে বেচতে চাইলে ২ সেপ্টেম্বরের আগেই করতে হবে। কারণ এটাই স্পানিশ লিগের জন্য ক্লাব বদলের শেষ সময়।

পরিস্থিতি পর্যালোচনায় মনে হচ্ছে নেইমারই পিএসজিকে পুনরায় আলোচনা শুরু করতে চাপ দিয়েছেন। ইউরোপের গণমাধ্যমে খবর বেরিয়েছে, নেইমার গত সোমবার পিএসজি পরিচালক লিওনার্দোকে জানিয়েছেন তিনি কেবল বার্সেলোনায় যাবার ব্যাপারেই আগ্রহী। যদিও তাকে নেওয়ার ব্যাপারে রিয়াল মাদ্রিদের তরফেও আগ্রহ আছে। কিন্তু বার্সেলোনাই আপাতত বেশি মরিয়া। পিএসজি আবার বার্সেলোনার কম দামে নেইমারকে নেওয়ার চেষ্টাকে ভালোভাবে দেখছে না। তাই ফরাসি চ্যাম্পিয়নরা তাকে বরং রিয়ালের কাছে বিক্রিতে আগ্রহী। নেইমার যেমন প্যারিসে থাকতে চান না, পিএসজিও বিশ্বের সবচে দামি ফুটবলারটিকে বিক্রি করতে চায়। সে কারণেই ফরাসি লিগ শুরু হয়ে যাওয়ার পরও কোচ থমাস টুখেল তাকে দলে রাখেননি।

বার্সেলোনা নেইমারের জন্য সর্বশেষ যে প্রস্তাব দিয়েছে তা হলো ২৭ বছরের খেলোয়াড়টিকে তারা এ বছর ধারে নিয়ে যাবে। তবে শর্ত থাকবে আগামী কিংবা পরের বছরে তাকে ১৫৪ মিলিয়ন পাউন্ডে কেনার বাধ্যবাধকতা থাকবে। তবে বলাবলি হচ্ছে, এ পরিমাণ অর্থের সঙ্গে ওসমান দেম্বেলেকেও দিতে পারে কাতালান ক্লাবটি। যদিও এখন পর্যন্ত উইঙ্গারটি এ চুক্তিতে অন্তর্ভুক্ত হতে সম্মতি দেননি।

সব মিলিয়ে মনে হচ্ছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নেইমারকে নিয়ে যেসব আলোচনা ও গুঞ্জন চলছিল তার হয়ত একটা সমাপ্তি ঘটতে চলেছে।