তুরস্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসরাইলের

তুরস্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরাইল। সোমবার ট্যুইটারে দেওয়া পোস্টে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ। তিনি বলেন, ‘পূর্ব জেরুজালেমে তুরস্কের উসকানি বন্ধে’ প্যাকেজ পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এ সংক্রান্ত পরিকল্পনা পরে আরো বিস্তারিতভাবে উন্মোচন করা হবে।

আগামী ১৭ সেপ্টেম্বর ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে এ ঘোষণা দিলেন ইসরাইল কাটজ। ২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐ ঘোষণার পরপরই বিক্ষোভে নামেন ফিলিস্তিনিরা। বিশ্ব জুড়ে ঝড় ওঠে নিন্দা আর প্রতিবাদের।

ট্রাম্পের ঐ ঘোষণার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেব এরদোগান। তার উদ্যোগে একই বছরের ১৩ ডিসেম্বর ইস্তানবুলে এক জরুরি সম্মেলনে ট্রাম্পের কথিত স্বীকৃতি প্রত্যাখ্যানের ঘোষণা দেয় ৫৭ মুসলিম দেশের জোট ওআইসি। একইসঙ্গে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় মুসলিম দেশগুলোর এ জোট।

তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেব এরদোগান বলেন, মার্কিন সিদ্ধান্ত অকার্যকর, অবৈধ ও বেআইনি। এ উসকানিমূলক সিদ্ধান্ত থেকে তাদের অবশ্যই সরে আসতে হবে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, ইসরাইল একটি দখলদার ও সন্ত্রাসী রাষ্ট্র। আর মার্কিন সিদ্ধান্ত হচ্ছে তাদের সন্ত্রাসবাদের পুরস্কার। ঐ সময়ে পূর্ব জেরুজালেম ইস্যুতে তুরস্কের ভূমিকায় ক্ষুব্ধ হয় ইসরাইল। এছাড়া ইসরাইলের দখলকৃত জেরুজালেমের মুসলিম বাসিন্দাদের জন্য বেশকিছু উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা করে আঙ্কারা।

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। এ শহরেই মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ অবস্থিত। মক্কা ও মদিনার পর এটি মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান। ১৯৮০ সালে পুরো জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। শহরটিকে তারা ইহুদিবাদী রাষ্ট্রের ‘শাশ্বত এবং অবিভক্ত রাজধানী’ দাবি করতে থাকে। তবে এই দখলদারিত্বকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক আইনে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বলপূর্বক ইহুদি বসতি স্থাপনকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।