উপজেলার দৌলতদিয়ায় সোমবার সন্ধ্যায় সুজাত শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সাহাদত মেম্বার পাড়া গ্রামের আলী নুরের ছেলে।
এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমন শেখ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার হাসান শেখের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুজাত ও ইমনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি ইমনকে সুজাত মারপিট করে। এর জেরে সোমবার সন্ধ্যায় দৌলতদিয়া ঘাট বাইপাস সড়ক এলাকায় ইমন সুজাতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় স্থানীয়রা সুজাতকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডে জড়িত ইমনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।