মাগুরা সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের খালপাড়ের একটি জামগাছ থেকে সোমবার রাতে পুলিশ প্লাবন মণ্ডল (১৫) নামে ১০ম শ্রেণির এক ছাত্রের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে। সে মাগুরা সদর উপজেলার কাটাখালী গ্রামের রুপেন বিশ্বাসের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার কাটাখালী গ্রামের প্রতিবেশী একজনের মোবাইল ফোন স্কুলছাত্র প্লাবনের ব্যাগে পাওয়া গেলে তা নিয়ে তাকে গালমন্দ করে এবং এ খবর শুনে প্লাবনের বাবা তাকে বকাঝকা করে। এই সময় প্লাবন বাবার কাছে মোবাইল ফোন কেনার জন্য টাকা চায়। বাবা টাকা না দিলে সে পার্শ্ববর্তী বাগডাঙ্গা গ্রামের খালপাড়ের একটি জামগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গাছে লাশ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, গালমন্দ করায় বাবার সঙ্গে রাগ করে প্লাবন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।