স্কুলছাত্রের মৃত্যুর জেরে পটুয়াখালী হাসপাতালে ভাঙচুর

পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র অভির (১৪) মৃত্যু ঘটনায় হাসপাতালে ভাঙচুর করেছে ঐ স্কুলের শিক্ষার্থীরা।

সোমবার রাতে বিষক্রিয়ায় আক্রান্ত অচেতন অবস্থায় অভিকে হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। চিকিত্সায় অবহেলার অভিযোগ তুলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত ৯টার দিকে হাসপাতালের জানালা ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভি পটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর অভিকে অচেতন অবস্থায় পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিত্সককে জানানো হয়—অভি বিষজাতীয় কিছু পান করেছে। এসময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক আনোয়ার উল্লাহ বরিশাল নিয়ে যাওয়ার পরামর্শ দেন। স্বজনরা এখানে চিকিত্সার অনুরোধ জানালে চিকিত্সক শুধু ব্যবস্থাপত্র দিয়ে ওয়ার্ডে পাঠিয়ে দেন। ওয়ার্ডে দায়িত্বরত নার্স ব্যবস্থাপত্র দেখে ওষুধ আনতে বলেন। নার্স অভির নারী স্পন্দন না পেয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সককে খবর দিলে তিনি এসে অভির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আশঙ্কাজনক অবস্থায় অভিকে হাসপাতালে আনা হয়। জরুরি ভিত্তিতে বরিশাল নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল; কিন্তু আধা ঘণ্টার মধ্যে তার মৃত্যু ঘটে। এক্ষেত্রে চিকিত্সকের কোনো গাফেলতি হয়নি।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।