বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বাংলার প্রতিটি মানুষ ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি পাবে, প্রতিটি মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা থাকবে—এমন একটা দেশের স্বপ্ন দেখি। আমি পরিবর্তনে বিশ্বাসী। গতকাল মঙ্গলবার গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকার করতেই হবে। নিজের সত্তাকে যেমন জানতে হবে, তেমনি স্বীকারও করতে হবে। তবে যে দেশের স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সেই ধরনের দেশ এবং জবাবদিহিতামূলক সরকার আমরা এখনো পাইনি।
গণবিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনার চর্চা হলে চলবে না, দেশকে এগিয়ে নেওয়ার মতো যোগ্য নেতৃত্ব এখান থেকে তৈরি হতে হবে। গণবিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী ও কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি জুয়েল রানা ও জিএস নজরুল ইসলাম রলিফ বক্তব্য রাখেন।—প্রেস বিজ্ঞপ্তি