গতকাল শুক্রবার নরসিংদীর শিবপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন এবং ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ ছাত্র নিহত হয়েছে। এ সময় ঐ দুই ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে। খবর আমাদের সংবাদদাতাদের।
শিবপুর (নরসিংদী)ঃ গতকাল বেলা ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকার তাহের মিয়ার ছেলে লোকাল বাস চালক আনোয়ার হোসেন (৪৫) শিবপুরের ঘোড়াগাঁও গ্রামের মৃত আবদুল হকের ছেলে আলাউদ্দিন (৬০) ও কারারচর গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৪৪)। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে বি-বাড়িয়াগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভার টেকিং করার সময় শিবপুর থেকে মাধবদীগামী নিরাপদ পরিবহনের অপর একটি লোকাল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী যাত্রীসহ দুইজন নিহত হন। এ সময় আহত হন অপর ১৩ জন যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে ১ জন এবং হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ইটাখোলা পুলিশ ফাঁড়ির সদস্য ও শিবপুর এবং নরসিংদীর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিহতদের লাশ উদ্ধার এবং আহতদের নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। এর মধ্যে আশঙ্কাজনক ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিত্সক। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।
ধামরাই (ঢাকা)ঃ গতকাল বিকালে ধামরাইয়ের কেলিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত মোটরসাইকেল আরোহী তিন ছাত্র হলেন- সাভারের আশুলিয়া থানার সিন্ধুরিয়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃদুল হোসেন মিতু, একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মানিক মিয়া ও আব্দুল মোমিনের ছেলে কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ হূদয় হোসেন। পুলিশ ও এলাকাবাসী জানান, ধামরাইয়ের কেলিয়ায় মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাভারগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী তিন ছাত্র নিহত হন। পুলিশ লাশ উদ্ধার এবং বাস ও মোটরসাইকেল জব্দ করেছে। থানায় লাশ আনার পর নিহতদের স্বজনদের আহাজারিতে থানা এলাকা ভারী হয়ে উঠে। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।