মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. আখলাকুল হোসাইন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

নেত্রকোনার মোহনগঞ্জ আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য, জাতির পিতার একান্ত সহচর ডা. আখলাকুল হোসাইন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে ঢাকার হলিক্রস হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মরহুম ডা. আখলাকুল হোসাইন আহমেদ ১৯২৬ সালের ১৫ অক্টোবর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ছয়াশী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পেশায় ছিলেন চিকিত্সক। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তদানীন্তন নেত্রকোনা মহকুমাধীন মোহনগঞ্জ-বারহাট্টা নির্বাচনী এলাকা থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। মরহুম ডা. আখলাকুল হোসাইন আহমেদ ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখেন এবং সংবিধানে স্বাক্ষর প্রদান করেন। মরহুম ডা. আখলাকুল হোসাইন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ নিজ বাড়িতে পারিবারিকভাবে কোরআনখানি, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া, স্থানীয়ভাবে ‘ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট’ মরহুমের কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। মরহুমের স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।