সুযোগ পেলে বিএনপির লাখ লাখ নেতাকর্মী মাঠে নামবে -------------------------ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সরকারের উদ্দেশ্যে বলেছেন, এভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না, আপনাদের সময় খুব কম।  দয়া করে বেগম খালেদা জিয়ার কোন অঘটন ঘটার আগেই তাঁর মুক্তির ব্যবস্থা করুন, সুচিকিত্সার ব্যবস্থা করুন। অন্যথায় জনগণ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। একবার সুযোগ পেলে বিএনপির লাখ লাখ নেতাকর্মী মাঠে নেমে আসবে, তখন কিন্তু পালাবারও পথ পাবেন না। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, এই সরকার যদি মুক্তিযুদ্ধের সরকার হয় তাহলে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষকের স্ত্রী কোন কারণে আজ কারাগারে? সরকার খালেদা জিয়াকে ভয় পায়, জিয়ার রাজনৈতিক দলকে তারা ভয় পায়, তারেক রহমানকে তারা ভয় পায়। আর এ জন্যই ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপিকে জড়ানো হয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ছাত্রদল নেতা আরিফা সুলতানা রুমা ও পলাশ মন্ডলসহ প্রমুখ।