বিজয় মেলা উপলক্ষে ঘিওরে লাঠি খেলা

ঘিওর (মানিকগঞ্জ): কালের বিবর্তনে প্রায় হারিয়ে যাচ্ছে আবহমান বাংলার জনপ্রিয় ‘লাঠি খেলা’।  বিজয় মেলা উপলক্ষে বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে মানিকগঞ্জের তেরশ্রীতে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় এ খেলাটি। বুধবার বিকালে উপজেলার তেরশ্রী কে এন ইনস্টিটিউট মাঠে মুক্তিযুদ্ধের চেতনায় ১০ দিনব্যাপী অনুষ্ঠিত বিজয় মেলার উদ্বোধনের পর এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়। আবহমান বাংলার জনপ্রিয় এই খেলা দেখতে দূর-দূরান্ত থেকে নানা বয়সী মানুষ সেখানে ভিড় জমায়। এসময় মেলা পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া, তেরশ্রী কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিন্টু, মুক্তিযোদ্ধা টাইগার লোকমান প্রমুখ উপস্থিত ছিলেন। ৪৩ জন বীর শহীদের স্মরণে ১৯৯৪ সাল থেকে ঘিওরে হয়ে আসছে এ বিজয় মেলা। তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয় বলে জানান মেলার আয়োজক কমিটি                —মোঃ শফি আলম