রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে শক্তি ঔষাধালয়ের গেটের পাশে একটি বাসায় পারিবারিক কলহের জেরে এক বছরের শিশুকন্যাকে বিষ খাইয়ে হত্যার পর মা নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর অবস্থায় মাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
শিশুটির নাম জান্নাত বেগম। তার মা সোনিয়া বেগম (২৫)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সোনিয়ার স্বামী আনোয়ার হোসেন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
আনোয়ার হোসেন জানান, ‘সোনিয়া ভোরে মেয়েকে নিয়ে বিষ খেয়ে অচেতন হয়ে পড়ে থাকে। বিষয়টি আমি বুঝতে পেরেই হাসপাতালে নিয়ে আসি। চিকিত্সকরা জান্নাতকে মৃত ঘোষণা করেছেন। সোনিয়া চিকিত্সাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন।’
আনোয়ার বলেন, ‘পারিবারিক তেমন কোনো কলহ নেই। তবে আমার স্ত্রী সোনিয়া মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। বেশ কিছুদিন আগে তার একটি অপারেশন হয়েছে। তবে তার ভাইয়ের বউকে সে ঢাকায় আসার জন্য বলেছে। আমি তাতে আপত্তি করায় আমাদের মধ্যে মনোমালিন্য ও কথা-কাটাকাটি হয়। এ কারণে হয়তো রাগে-ক্ষোভে অভিমানে এই ঘটনা ঘটাতে পারে।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মৃত শিশু জান্নাত খুলনা জেলার খালিশপুর থানার আনোয়ার হোসেনের একমাত্র মেয়ে। স্বামীবাগে পরিবারের সঙ্গে থাকত। শিশুটির লাশ ঢামেক মর্গে রয়েছে।