বাংলালিংক টাওয়ারে চুরির সময় ধরা পড়ে গণপিটুনি খেল তিন চোর

আড়াইহাজারে বাংলালিংক টাওয়ারের সরঞ্জামাদী চুরি করার সময় ৩  চোরকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ব্রহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, ওই তিন চোর ছোট বিনাইরচর গ্রামে কাজীবাড়ী মসজিদের পাশে অবস্থিত বাংলালিংক টাওয়ারে উঠে বিভিন্ন সরঞ্জামাদী খুলতে থাকে। এ সময় এলাকাবাসী তা দেখে তাদের পরিচয় জিজ্ঞেস করে। তারা নিজেদের টাওয়ার কর্তৃপক্ষের লোক বলে পরিচয় দেয়। কিন্তু লোকজনের সন্দেহ হলে তারা তাদের আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা টাওয়ারের সরঞ্জাম চুরি করতে আসার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃতরা  হলো— মাদারীপুরের কালকিনি থানার সাহেবরামপুর গ্রামের আঃ আজিজের ছেলে আলমাছ, কুমিল্লার হোমনা থানার লটিয়া গ্রামের আঃ রবের ছেলে সুমন এবং রাজবাড়ীর পাংশা থানার দুরিয়া গ্রামের শাহজাহানের ছেলে ইউছুফ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।