প্রবাসীদের ন্যাশনাল আইডি কার্ড (এনআইডি) প্রদানের লক্ষ্যে প্রথম ধাপে সিঙ্গাপুরকে বেছে নেওয়া হয়েছে। অল্প দিনের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী।
বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার মুন্সী বাজার উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, দেশের বাইরে অবস্থান করা সকল নাগরিককে এনআইডি প্রদানের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। সিঙ্গাপুর সরকারের অনুমতি পেলেই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের এনআইডি প্রদান শুরু হবে।
আরো পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে সারাদেশে ওষুধ ছিটানোর নির্দেশ হাইকোর্টের
এ সময় ফরিদপুর আঞ্চলিক নির্বাচন অফিসার মো. নুরুজ্জামান, জেলা নির্বাচন অফিসার নওয়াবুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার নূর আমিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে নির্বাচন কমিশনার স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
ইত্তেফাক/এমআই