ফের অপহরণ হুমকিতে স্কুলে যাওয়া বন্ধ

গোপালগঞ্জে বখাটের ফের অপহরণের হুমকিতে এক স্কুলছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। বাড়ি থেকে ওই ছাত্রীকে অপহরণ করে নেয়ার হুমকি দিয়েছে বখাটে সজিব মোল্লা (১৮)। এতে আতঙ্কিত হয়ে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

এর আগে সজিব মোল্লা ওই স্কুলছাত্রীকে গত ৬ জুন অপহরণ করে নিয়ে যায়। চলতি মাসের ১৮ আগস্ট গোপালগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই ছাত্রীকে ঢাকার দক্ষিণ কোরানীগঞ্জের একটি ব্রিজের নীচ থেকে উদ্ধার করে গোপালগঞ্জে নিয়ে আসে। পরে আদালতের মাধ্যমে ওই ছাত্রীকে তার পরিবারের কাছে পিবিআই হস্তান্তর করে।

বাড়িতে আসার পর থেকেই অপহরণকারীরা তাকে ফের অপহরণের হুমকি দিচ্ছে বলে ওই ছাত্রীর বাবা অভিযোগ করেছেন। এতে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। অপহরণকারীদের হাত থেকে বাঁচতে মেয়েটি তার স্বজনদের বাড়িতে আত্মগোপন করেছে।

এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা সোমবার (২৬ আগস্ট)  মুকসুদপুর থানায় একটি জিডি দায়ের করেছেন। ওই ছাত্রী মুকসুদপুর উপজেলার জিরাতলী জুনিয়র হাই স্কুলের ৭ম শ্রেণিতে পড়াশোনা করে। তাদের বাড়ি একই উপজেলার মুনিরকান্দি গ্রামে।

ইত্তেফাক/আরকেজি