মানিকগঞ্জে হাসপাতালে ভর্তি বৃদ্ধ রোগীর পরিচয় মিলেছে

মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিত্সাধীন অজ্ঞাত বৃদ্ধ রোগীর পরিচয় পাওয়া গেছে। ৭০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এ ব্যক্তির নাম শাহ আলম। তার বাড়ি ভোলা জেলার দুলারহাট উপজেলার নুরাবাদ ইউনিয়নের অন্তর্গত চর তোফাজ্জল গ্রামে।  বুধবার সকালে হাসপাতালে এসে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে তার ছেলে মোঃ দুলাল। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. লুত্ফর রহমান বলেন, ডান পা ভাঙ্গা অবস্থায় ওই অজ্ঞাত ব্যক্তিকে গত ১২ নভেম্বর হাসপাতালে নিয়ে আসে স্থানীয় এক ব্যক্তি। হাসপাতালের চিকিত্সক তার শারীরিক অবস্থা পরীক্ষার পর তাকে হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি করেন। দীর্ঘ ২৩ দিন তার চিকিত্সা দেয়া হয়।

বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তার ছবি প্রচারিত হলে তার পরিবার বিষয়টি জানতে পারে। বৃদ্ধের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। তবে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।