ফরিদপুরের নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস চাপায় এক শিশু নিহত হয়েছে। ফরিদপুর-মুকসুদপুর আঞ্চলিক সড়কে থ্রি-হুইলার মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মাহিন্দ্রের যাত্রী রিজাউল মোল্যা (৩৫) ঘটনাস্থলে মারা যান।
স্থানীয়রা জানান, বরিশালগামী সাকুরা পরিবহন নামে একটি বাস বুধবার সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় আলিফ মোল্যা (৪) নামের এক শিশুকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে আলিফ নিহত হয়। আলিফ ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের খায়রুজ্জামান টিটো মোল্যার ছেলে বলে জানা গেছে। সত্যতা নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান।
এদিকে ঘটনার পর থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। ফলে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
অন্যদিকে বুধবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর-মুকসুদপুর আঞ্চলিক সড়কে থ্রি-হুইলার মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মাহিন্দ্রের যাত্রী রিজাউল মোল্যা (৩৫) ঘটনাস্থলে মারা যান। রিজাউল উপজেলার আটকাহনিয়া গ্রামের গিয়াস উদ্দিন মোল্যার ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় কৈতরী বেগম (৬০) ও মাহমুদুল (১৭) নামে দুই যাত্রী আহত হয়েছেন।
ইত্তেফাক/আরকেজি