খুলনায় আনন্দ মণ্ডল হত্যা মামলায় জাতীয় সংসদের হুইপের ভগ্নিপতিসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকালে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- প্রমথ মণ্ডল, অশোক মণ্ডল, অমর মণ্ডল, নিমাই মণ্ডল ওরফে নির্মল, গোলক মণ্ডল, রমেশ মণ্ডল, নিশাকর মণ্ডল ও বিকাশ বালা। রায়ে অপর ৫ আসামিকে খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে নিমাই মণ্ডল ওরফে নির্মল জাতীয় সংসদের হুইপ ও খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের ভগ্নিপতি।
মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৯ সালের ৩০মে রাতে পূর্বশত্রুতার জের ধরে বটিয়াঘাটা উপজেলার হোগলাবুনিয়া স্লুইস গেটের কাছে আনন্দ মণ্ডলকে কুপিয়ে ফেলে রেখে যায় আসামিরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২জুন আনন্দ মণ্ডল মারা যান। এ ঘটনায় পরের দিন আনন্দ মণ্ডলের স্ত্রী দেবলা মণ্ডল বাদী হয়ে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় ২০০৮ সালের ২০ অক্টোবর ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আরিফ মাহমুদ লিটন।
ইত্তেফাক/আরকেজি