প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দেখবো দৈনন্দিন জীবনে ব্যবহার্য কিছু শব্দের অর্থের পার্থক্য
“ পড়া ও পরা, পড়ি ও পরি, পড়ে ও পরে, পড় ও পর, পরি ও পরী “ নিয়ে সমস্যার শেষ নেই।
উপর্যুক্ত শব্দগুলোর সঠিক ব্যবহারে আমরা প্রায়ই নিজের অজান্তে ভুল করে থাকি। তাই এই শব্দগুলো নিয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করছি। অবশ্য এই বিষয়ে “ বাংলা বানানের নিয়ম-কানুন “ পেইজে আগেও আমরা কিছু লেখা প্রকাশ করেছি। তারপরও এই বিষয়ে আমাদের ভুল হতে থাকায় আজকের এই লেখা।
* পড়া - (পাঠ / lesson) স্কুলের পড়া শিখে নাও।
* পরা- ( পরিধান করা - wear) নীল জামা পরা লোকটা কে?
* পরা - টিপ পরা বাঙালি নারীদের ঐতিহ্য।
* পড়ি - ( read) - আমি বই পড়ি।
* পড়ি -( অবস্থান) আমি ৫ম শ্রেণিতে পড়ি।
* পরি -( পরিধান করা) আমরা সুন্দর পোশাক পরি।
* পড়ে- ( read) সে ইংরেজি পড়ে।
* পড়ে-( অবস্থান) সে ৮ম শ্রেণিতে পড়ে।
* পরে-( পরিধান করা) মিনা সবুজ পোশাক পরে।
* পরে ( later / after) তুমি আমার পরে আসিও। ক্লাসে পরে আসা ঠিক নয়।
* পড়- ( read) মনোযোগ দিয়ে পড়।
* পর-( পরিধান কর) নতুন জামা পর।
* পর- ( দীর্ঘ বিরতি ) শরতের পর আসে বসন্ত।
* পর-( অনাত্মীয়/ আপন নয়) আপন পর ভেদ করো না।
* পরি-( পরিধান করি) আমি সব সময় সুন্দর পোশাক পরি।
* পরী -(fairy) মেয়েটি পরীর মত সুন্দরী।
* “ পরি, পরা, পরে “ = পরিধান করা অর্থে ব্যবহূত হয়।
* পরে = দেরি বা বিলম্ব অর্থে ব্যবহূত হয়।
* পরী = বিশেষ এক সৃষ্ট জীব অর্থে ব্যবহূত হয়।
* কিন্তু “ পড়ি, পড়, পড়ে “ শুধু মাত্র read অর্থে ব্যবহার হয় না। “ পরি,পর, পরা, পরে, পরী “ এর সীমিত ব্যবহার ছাড়া বাকি সব ক্ষেত্রে “ পড়ি, পড়, পড়ে “ এর বিভিন্ন রূপ বসে।
* যেমন -বৃষ্টি পড়ে, তোমাকে মনে পড়ে, বিপদে পড়ে তোমার কাছে এসেছি, পিছলে পড়ে পায়ে ব্যথা পেলাম
* তুমি সবসময় আমার পিছনে পড়ে থাক কেন?
* হঠাত্ চোখে ধরা পড়েছে।
* মহল্লায় রাতে ডাকাত পড়েছে।
* বড় দুষ্টু লোকের পাল্লায় পড়েছিলাম।
* রাতে খুব শীত পড়েছে।
* দিনের বেলায় খুব গরম পড়ে।
* জিনিসের দাম পড়ার কোন সম্ভাবনা নেই।
* যে দিনকাল পড়েছে সরকারি চাকুরি পাওয়া খুব কঠিন।
* লোভে পড়ে পাপ করিও না।
* গাড়ীর নিচে চাপা পড়ে লোকটি মারা গেল।
* ভাঙা ঠেং খাদে পড়ে।
* ডজন ২০ টাকা হলে ৫ টার দাম কত পড়ে?
* হঠাত্ মাথা ঘুরে পড়ে গেলাম।
* পড়তে বসে দুষ্টুমি করো না
* তুমি সব সময় পিছনে পড়ে থাকো কেন?
* বাসের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম।
* তোমার চোখে কি ছানি পড়েছে?
* সবাই বসে পড়ুন।
* পড়ে না চোখের পলক, কী তোমার রূপের ঝলক।
* প্রেমে পড়লে অনেকে কবি হয়ে যায়।
* আজ আমি এক লম্পটের খপ্পরে পড়েছি।
* তাড়াতাড়ি নেমে পড়ুন। আরো অনেক উদাহরণ দেওয়া যায়।
* তোমার পায়ে পড়ি আমাকে আর মেরো না। * রাত অনেক হয়েছে। তাড়াতাড়ি শুয়ে পড়।
* পরীক্ষা খারাপ হলেও ভেঙে পড়ো না।
* আমি তার চক্ষুশূল হয়ে পড়েছি।
* ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়েছে।
* অবশেষে সন্ত্রাসীটা ধরা পড়েছে।
* বাসটি খাদে পড়ে গেছে।
* সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে।
* ক্লাসে হাসির রোল পড়েছে।
সুতরাং (পরি, পরে, পর, পরী) পরিধান করা, বিলম্ব বা দেরি, অনাত্মীয় ও বিশেষ সৃষ্ট জীব ব্যাতীত সকল ক্ষেত্রেই “ পড়ি, পড়, পড়ে ” ক্রিয়ার বিভিন্ন রূপ বসে। আশা করি পড়া, পড়ি, পরি, পড়ে, পরে, পড়, পর ও পরী শব্দের প্রয়োগে তোমাদের আর ভুল হবে না।
বন্ধুরা আরও জানতে চোখ রাখো ফেইসবুক পেইজে “বাংলা বানানের নিয়ম-কানুন” গ্রুপে এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার অনুশীলন পাতায়। আমরা আছি তোমাদের সাথে নতুন নতুন বানান নিয়ে।