ভারতের মঙ্গলগ্রহ জয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মিশন মঙ্গল’। তাপসী পান্নু অভিনীত সিনেমাটি গত ১৫ আগস্ট প্রায় ৩ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম ১২ দিনে সিনেমাটি ১৬৮ কোটি ৪৮ লাখ রুপি আয় করেছে। খবরটি নিয়ে খোশ মেজাজে আছেন তাপসী। কারণ এখন পর্যন্ত এটিই তার সবচেয়ে সফল সিনেমা। এর আগে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়েছিল।
তাপসী বলেন, ‘পরিশ্রম, আত্মবিশ্বাস আর ভাগ্য—তিনটা জিনিসই দরকার। এই সিনেমাতে তিনটি জিনিসই আমার মধ্যে ছিল। অথচ একজন প্রযোজক আমাকে যারা সিনেমাতে অভিনয় করাতে চাইছিলেন না তারা ভেবেছিলেন আমার জন্য পাঁচটা দৃশ্য ও দুটো গান রাখলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। আমার নাকি ভাগ্যটাই খারাপ, এজন্যই সিনেমাটি ফ্লপ হবে। সেদিন আমার খুবই খারাপ লেগেছিল। কিন্তু আজ আমি জবাব দিতে পেরেছি।’
মুক্তির দিনে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল মিশন মঙ্গল। রেকর্ড গড়ে প্রথমদিন সংগ্রহ করে ২৯ কোটি রুপির বেশি। ১১ তম দিনে গত রবিবার এ ছবির সংগ্রহ ছিল ১৫০ কোটি রুপিরও বেশি। ‘কবির সিং’, ‘উরি:দ্য সার্জিক্যালস্ট্রাইক’ ও ‘ভারত’-এর পর চলতি বছরে সর্বোচ্চ আয়ের তালিকায় চতুর্থ স্থান দখল করলো ‘মিশন মঙ্গল’।
তাপসী বলেন, ‘কিছু সিনেমা ভালো নেই চলতে পারে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, গর্ব করা উচিত। আমারও ক্যারিয়ারে বেশকিছু ফ্লপ সিনেমা আছে, কিন্তু তার জন্য আমি ভয় পাইনি। এগুলো আমাকে শক্তিশালী করে তুলেছে।’
একদল সাধারণ মানুষের অভূতপূর্ব অর্জনের গল্পই বিধৃত হয়েছে জগন শক্তি পরিচালিত মিশন মঙ্গল-এ। এতে অভিনয় করেছেন অনকে তারকা। অক্ষয় কুমার, বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, কীর্তি কুলহরি, নিথিয়া মেনেন ও শর্মণ যোশি চালিয়েছেন সেই অভিযান। ছবিতে দেখানো হয়েছে, কীভাবে ভারতীয় বিজ্ঞানীরা অসম্ভবকে সম্ভব করে জয় করেছেন মঙ্গলগ্রহ। আরো দেখানো হয়েছে নারী বিজ্ঞানীদের বিজয়গাঁথা। মঙ্গলযাত্রায় অক্ষয়ের পাশে থেকে স্বপ্নপূরণে সাহায্য করেছেন এই নারীরা।