রূপালী ব্যাংককে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য

রূপালী ব্যাংকের সার্বিক অবস্থার উন্নয়ন ঘটিয়ে ব্যাংকটিকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়াই মূল লক্ষ্য বলে জানালেন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। দেশের সর্ববৃহত্ ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেডে সাফল্যের সঙ্গে তিন বছর দায়িত্ব পালন শেষে রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগ দিয়েছেন তিনি। দায়িত্ব পালন কালে বড়ো অঙ্কের মুনাফার পাশাপাশি বিপুল খেলাপিঋণ আদায়ের মাধ্যমে সোনালী ব্যাংককে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন তিনি। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

২০১৬ সালের ২২ আগস্ট থেকে ২০১৯ সালের ২১ আগস্ট পর্যন্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। ঐ সময়ে সোনালী ব্যাংক সরকারকে মুনাফা দিয়েছে ৪ হাজার ১০১ কোটি টাকা। অথচ ২০১৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংকটি লোকসান করেছিল ৩৪৬ কোটি টাকা। তার সময়ে সোনালী ব্যাংক শ্রেণিকৃত ঋণের ৬ হাজার ৬৫৬ কোটি টাকা আদায় করেছে যা সোনালী ব্যাংকের ইতিহাসে কখনো হয়নি। এছাড়া ২১৩টি লোকসানি শাখা কমিয়ে আনেন। ২০১৬ সালের জুনে সোনালীর লোকসানি শাখা ছিল ২৭৪টি। ২০১৯ সালের জুনে লোকসানি শাখা কমে দাঁড়িয়েছে ৬১টিতে। এদিকে আলোচ্য তিন বছরে সোনালী ব্যাংকের আমানত বেড়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। ঋণ ও অগ্রিম বেড়েছে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা।

সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও হিসেবে দায়িত্ব পালনের আগে ওবায়েদ উল্লাহ আল মাসুদ রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কর্মসংস্থান ব্যাংকের এমডি পদে কর্মরত ছিলেন। এরও আগে তিনি অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।

১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বিকম (অনার্স) এবং ১৯৮৮ সালে আইবিএ থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে বাণিজ্য বিভাগে মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছিলেন। তিনি ১৯৬০ সালে ঢাকা জেলার নবাবগঞ্জের ছোটো রাজপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।