বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরখান, উত্তরা ও মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মানবপাচারকারী সংঘবদ্ধ একটি চক্রের দলনেতা আসাদসহ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন— দলনেতা আসাদুজ্জামান আসাদ, ওসমান গাজী, সিরাজুল ইসলাম, টিপু সুলতান ও লিটন মাহমুদ। এ সময় তাদের কাছ থেকে ৩২টি পাসপোর্ট, ৭টি জাল ভিসা, ১টি বিমানের জাল টিকেট, ৩৪ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেক, ১৫টি স্বাক্ষরিত ব্যাংক স্ট্যাম্প, ১টি ল্যাপটপ, ২টি কম্পিউটার, ১টি কালার প্রিন্টার, ৫টি মোবাইল ফোনসহ চাকরি প্রার্থীদের অনেকগুলো জীবন বৃত্তান্ত জব্দ করা হয়।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ান বিন কাশেম জানান, এ প্রতারক চক্রের দলনেতা আসাদুজ্জামান আসাদ রাজধানীর উত্তরায় একাধিক অফিস খুলে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে গমনেচ্ছুদের প্রলুব্ধ করতেন এবং প্রতারণার মাধ্যমে একেকজনের কাছ থেকে ৫ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিতেন।