যশোরে চুইঝাল চাষে অনেকেই স্বাবলম্বী

ঔষধি গুণসম্পন্ন চুইঝালের চাষ করে স্বাবলম্বী হয়েছে যশোরের অনেক পরিবার। অল্পপুঁজি ও কম পরিশ্রমে অধিক লাভ হওয়ায় দিন দিন যশোরাঞ্চলে লতা জাতীয় এ মসলা গাছের চাষ বাড়ছে। চিকিত্সকরা বলছেন, বহু রোগ নিরাময় ক্ষমতা রয়েছে চুইঝালে। আর কৃষি বিভাগ বলছে, চুইঝাল চাষ সম্প্রসারণে কাজ করছেন তারা।

বহু বছর ধরে যশোরাঞ্চলে চুইঝাল একটি পরিচিত ও সুস্বাদু মসলা। খাবারের স্বাদ বিশেষ করে মাংস রান্নায় চুইঝালের জুড়ি নেই। এ অঞ্চলে প্রায় প্রতিটি পরিবারে মাংস ছাড়াও বিভিন্ন রান্নায় চুইঝাল মসলা হিসেবে ব্যবহার হয়ে আসছে। তাই বহু গুণসম্পন্ন এ মসলা জাতীয় লতাগাছের জনপ্রিয়তা ও প্রচলন বাড়ছে।

যশোরের ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামের কৃষক আবু বক্কার বলেন, অন্যান্য চাষের তুলনায় কম খরচ, স্বল্প পরিশ্রম ও সময়ে এ গাছ খাওয়া ও বিক্রি করা যায়। তা ছাড়া এর প্রচুর চাহিদা ও দাম ভালো পাওয়া যায় বলে এ অঞ্চলে চুইঝাল চাষের প্রতি আমরা আগ্রহী হচ্ছি।

একই উপজেলার বারাকপুর গ্রামের আমেনা খাতুন বলেন, আমরা সংসারের কাজের পাশাপাশি চুইঝাল গাছের পরিচর্যা করে থাকি। এতে আমাদের সংসারের বাড়তি আয় হয়। আমরা ভালোভাবে চলতে পারি।

জাফরনগর গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, একটি চুইঝালের গাছ নার্সারি থেকে ৪০ থেকে ৫০ টাকায় ক্রয় করে আনতে হয়। অনেক সময় আমরা নিজেরা চুইঝালের পটও মাটিতে লাগিয়ে থাকি। দুই থেকে তিন বছর পর তা তোলা যায়। তবে বেশিদিন রাখলে ভালো দামে বিক্রি করা যায়। তিনি বলেন, একটি চুইঝালের গাছ ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায়। তবে সে তুলনায় খরচ অনেক কম।

জেলার বাঘারপাড়া উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামের শরিফুল ইসলাম বলেন, চুইঝালের গাছ শুধু লাগিয়ে রাখলেই হয়। খুব বেশি পরিচর্যা করা লাগে না। তাই খরচও কম হয়। আবার বাজারে চাহিদা থাকার কারণে দামও ভালো পাওয়া যায়।

যশোর পুলিশ হাসপাতালের প্রাক্তন সুপার ডা. রবিউল আলম বলেন, বাণিজ্যিক দিকের পাশাপাশি রুচিবর্ধক, পেটের পীড়া থেকে শুরু করে অনেক রোগের উপশম গুণ রয়েছে এই চুইঝালে। তাই সুস্থ থাকতে নিয়মিত চুইঝাল খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সুশান্ত কুমার তরফদার বলেন, জেলায় প্রায় ৫০ হাজার চাষি চুইঝাল চাষের সঙ্গে সম্পৃক্ত। এক একটি চুইঝালের গাছ ২ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। তিনি বলেন, আমরা কৃষিবিভাগের পক্ষ থেকে অপ্রচলিত এ মসলাজাতীয় চুইঝালের চাষ সম্প্রসারণে চাষিদের প্রশিক্ষণসহ নানাভাবে সহযোগিতা করছি।