চুরির মামলায় নাইক্ষ্যংছড়ি ইউপি চেয়ারম্যানসহ তিন জন কারাগারে

বান্দরবানে চুরির মামলায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীসহ তিন জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও আইনজীবীরা জানায়, সম্প্রতি নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ মার্কেটের দোকানদার সামশুল আলমের দোকানের তালা ভেঙে জিনিসপত্র ভাঙচুর, চুরি করে এবং দোকানটি অবৈধভাবে দখল করে আত্মীয়কে হস্তান্তর করেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীসহ কয়েকজন। এ ঘটনায় দোকানদার বাদী হয়ে গতমাসে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চুরি, ভাঙচুর এবং অবৈধভাবে দোকান দখলের একটি মামলা দায়ের করে। মামলায় বুধবার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরীসহ তিন জন বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ হাসানের আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন—নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরী, ইউনিয়ন পরিষদের সচিব সৈয়দ আলম এবং চেয়ারম্যানের আত্মীয় ইউনুচ খান।

মামলার বাদী বলেন, নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ মার্কেটে আমার একটি দোকান রয়েছে। ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরী জোরপূর্বক আমার দোকানের তালা ভেঙে জিনিসপত্র চুরি ও ভাঙচুর করে। ঐ মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী উবা থোয়াই মারমা জানান, নাইক্ষ্যংছড়িতে দোকান চুরির মামলায় ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীসহ তিন জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।