রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে আংশিক পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন নিয়মে পূর্বের ইউনিটভিত্তিক সীমাবদ্ধতা বাতিল করে সবগুলো ইউনিটেই ভর্তিচ্ছুদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এছাড়াও আবেদন ফি ২ হাজার ৩৫ টাকা পরিবর্তন করে ১২৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাস কুমার কর্মকার জানান, মঙ্গলবার বিকালে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন এই নিয়মের ফলে এখন আর ইউনিটভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণের সীমাবদ্ধতা থাকছে না। ফলে একজন ভর্তিচ্ছু প্রতিটি ইউনিটেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এছাড়াও আবেদন ফি ২ হাজার ৩৫ টাকা থেকে কমিয়ে ১২৫৫ টাকা করা হয়েছে।