রায়পুরে পুলিশসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে পৃথক দুইটি মামলা

লক্ষ্মীপুরের রায়পুর থানায় সালিশ বৈঠকের কথা বলে ডেকে নিয়ে অর্থ আদায় ও অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে পৃথক দুইটি মামলা করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামের ফারুক হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতে মামলা দুইটি করেছেন। পৃথক এ দুইটি মামলায় রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশাররফ হোসেনসহ ৯ জনকে আসামি করা হয়।

আদালত মামলা দুইটি আমলে নিয়ে একটি মামলা রায়পুর সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপারকে তদন্ত করে আগামী ২১ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যটিতে আসামিদের আগামী ২৩ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, এক বছর আগের ঘটনায় এখন দুইটি মামলা হয়েছে বলে আমিও শুনেছি। এখন কোনো কপি ও নোটিশ থানায় আসেনি। অন্য কোনো উদ্দেশ্যে পুলিশকে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে বলে মনে হচ্ছে।