শ্যামনগরে এক ব্যবসায়ীর নামে সাড়ে ১০ লাখ টাকার ভূতুড়ে বিল করায় পল্লী বিদ্যুত্ সমিতির নামে অভিযোগ উঠেছে। আর বিপাকে পড়েছে ব্যবসায়ী মশিউর রহমান। সাতক্ষীরা পল্লী বিদ্যুত্ সমিতি কালিগঞ্জ জোনাল অফিস থেকে ইস্যু করা ১০ লাখ ৩৭ হাজার ৮৪৯ টাকার ভূতুড়ে বিলটি পাঠানো হয়েছে শ্যামনগর উপজেলা সদরে অবস্থিত এফ এম সুপার মার্কেটের ডিজিটাল প্রেসের স্বত্বাধিকারী মশিউর রহমানের নামে।
ব্যবসায়ী মশিউর রহমান জানান, এমন ভূতুড়ে বিল গত ২২ বছরের ব্যবসায়িক জীবনে দেখিনি। মিটার না দেখেই বিল করা হয়েছে বলে জানিয়েছেন। গত মাসে বিদ্যুত্ বিল ঠিক এলেও এ মাসে বিল এসেছে ১০ লাখ টাকার ওপরে, যা কাল্পনিক ছাড়া কিছু নয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন জানান, পল্লী বিদ্যুতের এমন ভূতুড়ে বিলের কারণে অনেক গ্রাহকের অধিকতর টাকা গুণতে হচ্ছে।
সাতক্ষীরা পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা বলেন, অনেক সময় ভুলবশত এমন বিল হতে পারে। তবে এ বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।