অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসলেও সহসাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। কারণ, ক্রমেই ঋষভ পান্তের ওপর ভরসা বাড়তে শুরু করেছে নির্বাচক কমিটির। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তার থাকা হচ্ছে না।
জানা গেছে, আগামী চার সেপ্টেম্বর এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করবে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচক প্যানেল। সেপ্টেম্বরের ১৫ তারিখ ধর্মশালায় শুরু হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মোহালি (১৮ সেপ্টেম্বর) ও ব্যাঙ্গালুরুতে (২২ সেপ্টেম্বর)।
নির্বাচকরা মূলত ২০২০ সালের অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এখনকার টি-টোয়েন্টি দলটা করবেন। বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা আর মাত্র ২২টা টি-টোয়েন্টি ম্যাচ খেলব। ফলে, আমরা সেই বিশ্বকাপকে সামনে রেখেই সকল পরিকল্পনা করছি। টি-টোয়েন্টির জন্য আমরা তিনজন উইকেটরক্ষককে বিবেচনায় রাখছি।’
এই বিশ্বকাপকে সামনে রেখেই বোর্ডের সিদ্ধান্ত হলো ঋষভ পান্তকে সর্বোচ্চ সুযোগ দেওয়া। আর এই তালিকায় থাকা বাকি দুজন হলেন সাঞ্জু স্যামসন ও ‘এ’ দলের উইকেটরক্ষক ইশান কিষান। ঐ কর্মকর্তা বলেন, ‘অবসর হলো একজনের ব্যক্তিগত ব্যাপার। সেই ব্যাপারে আমাদের পক্ষ থেকে ধোনির ওপর কোনো চাপ নেই। কিন্তু, সেজন্য তো আমরা নিজেদের পরিকল্পনা থামিয়ে রাখতে পারি না। আর সেটা হলো বিশ্বকাপকে সামনে রেখে আমরা ঋষভ পান্তকে সর্বোচ্চ সুযোগ দিতে চাই।’